মোঃ মাসুদ রানা কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের প্রদীপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ জোগাতে জনহিতৈষী সামাজিক সংগঠন ‘কল্যাণ’-এর মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বিআইজিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রসার, সুশিক্ষা নিশ্চিতকরণ ও দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘কল্যাণ’। এরই ধারাবাহিকতায় চলতি বছরে উপজেলার রায়গ্রাম, মালিয়াট ও নিয়ামতপুর ইউনিয়নের মোট ৩০ জন বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক বছরের নগদ আর্থিক বৃত্তি প্রদান করা হবে। প্রতি ইউনিয়ন থেকে ১০ জন করে নির্বাচিত মোট ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ স্কলারশিপ দেওয়া হবে। উল্লেখ্য, সংস্থাটি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছে।
আজ শনিবার আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যক্রম সরাসরি পরিদর্শন এবং পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন পর্বে উপস্থিত ছিলেন ‘কল্যাণ’-এর সম্মানীত সভাপতি শামছুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মো. মুছা করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পরীক্ষা তদারকি ও তদারকিতে অংশ নেন অধ্যক্ষ বিকাশ রায়, অধ্যক্ষ সোবাহান, প্রবীণ সমাজসেবক মঈনউদ্দীন, আলতাফ হোসেন, ইচাহক হক, আশাদুল ইসলাম, ফরিদ উদ্দীন আহম্মেদ, মামুনুর রশীদ লিটন, নাহিদ নেওয়াজ, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম শেখ ও আজাদুর রহমানসহ ওই তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ‘কল্যাণ’-এর এ মেধাভিত্তিক মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ছবি সংগৃহীত।


