স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও দেশীয় বাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন প্রকার সীমান্ত চোরাচালানি মালামাল রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। বিজিবির একাধিক চৌকস টহলদলের এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, কৃষিসামগ্রী, শাড়ি, কম্বল ও ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়েছে।
আজ ২৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই সীমান্তবিরোধী ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে অবৈধ মালামাল ও মাদকের চালান প্রবেশের গোপন খবরের ভিত্তিতে বিজিবির সংশ্লিষ্ট টহল দলগুলো সীমান্তরেখা ও চেকপোস্টে কঠোর নজরদারি ও তল্লাশি চৌকি স্থাপন করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে কেটে পড়ে। পরবর্তীতে ফেলে যাওয়া বিভিন্ন বস্তা ও প্যাকেট তল্লাশি করে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৭ প্যাকেট ঘাসের বীজ, ২৪ প্যাকেট ক্ষতিকর কীটনাশক, ৩৫টি ভারতীয় উন্নত মানের শাড়ী, ৩টি কম্বল, ১টি চাদর, ৬ প্যাকেট ফুসকা, ৪ কেজি কিসমিস এবং ১৩৬টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত এসব মাদকদ্রব্য, ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪,২৮,৪২০ (চার লক্ষ আটাশ হাজার চারশত বিশ) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস ও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
