স্ফুলিঙ্গ ডেক্স :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২০০ (দুই হাজার দুইশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আপন ভাই-বোনকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
গত পরশু বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী সময়ে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিরা হলেন— কসবা উপজেলার ৭ নম্বর বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া (০৭ নং ওয়ার্ড) এলাকার আবু তাহের ও মরিয়ম বেগম দম্পতির মেয়ে সেলিনা আক্তার (৪৩) এবং ছেলে মিন্টু মিয়া (৪৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়স্থ সৈয়াদাবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে অবস্থিত ‘মানিক স্টোর’ নামীয় দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে ইয়াবা কেনাবেচা ও চালানের জন্য অপেক্ষারত অবস্থায় সেলিনা আক্তার ও মিন্টু মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের প্যাকেটে মোড়ানো মোট ২২০০ পিস লালচে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) জনাব রবিউল হাসনাত বাদী হয়ে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ছবি সংগৃহীত।


