নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে প্রশাসনের তৎপরতায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বাল্যবিবাহ পণ্ড করা হয়েছে। পরবর্তীতে গোপনে পুনরায় বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই দিনে ওই ইউনিয়নের আরেকটি গ্রামে আরও একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে প্রশাসনের নজর এড়িয়ে গোপনে মেয়েটির পরিবার পুনরায় বিয়ের আয়োজন সম্পন্ন করে। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় এবং বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েটির অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই দিনে ত্রিলোচনপুর ইউনিয়নের বাকুলিয়া গ্রামেও আরেকটি বাল্যবিবাহের আয়োজন করা হলে প্রশাসনের হস্তক্ষেপে তা পণ্ড করে দেওয়া হয়।
বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা এবং একটি সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎকে সম্পূর্ণ হুমকির মুখে ফেলে দেয়। তাই কেবল আইন প্রয়োগ বা শাস্তি প্রদানই নয়, বরং পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করা সম্ভব। একটি শিশুর শৈশব, শিক্ষা ও স্বপ্ন রক্ষায় বাল্যবিবাহের মতো অভিশাপ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

