ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় যৌথ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটি প্রস্তুতকারী একটি বেকারিতে অনিয়ম ও লেবেলে ত্রুটি পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের। এ সময় তাঁর সাথে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঝিনাইদহের নিরাপদ খাদ্য অফিসার জনাব সুপন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকশ টিম।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘আলিফ ফুড প্রোডাক্টস’ নামক বেকারির উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। এ সময় দেখা যায় যে, ওই বেকারিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণের জন্য পাউরুটি তৈরি করা হচ্ছে। সামগ্রিক পরিবেশ সন্তোষজনক মনে হলেও পাউরুটির লেবেলে উপকরণের সঠিক বিবরণ বা উল্লেখে ত্রুটি পরিলক্ষিত হয়। পাশাপাশি বেকিং এরিয়ার আশপাশে ধুলোবালি জমে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
এ সব ত্রুটি ও অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সাথে বেকারি কর্তৃপক্ষকে নিয়মিতভাবে মেঝে পরিষ্কার রাখার এবং সংশ্লিষ্ট সকল স্টাফদের কাজের সময় হেডক্যাপ ও গ্লাভস বাধ্যতামূলক ব্যবহারের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
