মো: মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর বসতঘরের খাটের নিচ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. হৃদয় হোসেন ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকার মো. সাহেব হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
এসআরবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২০ দশমিক ৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাঁকে আটক করা হয়।
ঝিনাইদহের এসআরবি-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত অপরাধী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

