পেট্রাপোল সীমান্তে সমাবেশ ও আওয়ামী লীগ নেতাদের পরিদর্শনের খবরে বেনাপোল জুড়ে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

পেট্রাপোল সীমান্তে সমাবেশ ও আওয়ামী লীগ নেতাদের পরিদর্শনের খবরে বেনাপোল জুড়ে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনার আহ্বান, ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সীমান্ত এলাকা পরিদর্শনের খবরের প্রেক্ষাপটে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি রাতের অন্ধকারে সার্চলাইট জ্বালিয়ে ও দিন-রাত বিরামহীন টহলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা।

সরেজমিনে ও সীমান্ত সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাতে আধুনিক সার্চলাইটের তীব্র আলোয় সীমান্তের শূন্যরেখা ও আশপাশের পয়েন্টগুলোতে যেকোনো সন্দেহজনক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা যায়, এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর) সকালে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ওই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্বপন মজুমদার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান এবং অশোক কীর্তনীয়াও একই সুরে বক্তব্য দেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন জ্যেষ্ঠ নেতা পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তাঁদের মধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছিলেন। সীমান্ত পরিদর্শনের পর তাঁরা ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি বৈঠক করেন এবং সেখানে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ পর্যালোচনা করা হয় বলে ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

ওপারের এসব ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যা থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়িয়ে দেয় বিজিবি, যা আজ সোমবারও একইভাবে বহাল রয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হয়েছে। এ কারণেই সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে বা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারেন, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।

সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *