বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধের পাশে সরকারি বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে গাছ নিধন করে সেখানে বালু ফেলে জমি দখলের এই অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত শুরু করেছে বন বিভাগ। গত শনিবার রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বালু সরিয়ে কাটা গাছগুলোর গোড়া দেখতে পান। পরবর্তীতে কাটা গাছের গোড়া পরীক্ষা করে আকাশমণি ও বাবলা প্রজাতির অন্তত ৮ থেকে ১০টি গাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেন তারা।
বিজ্ঞাপন
এ বিষয়ে খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা জানান, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত উপকূলীয় বেড়িবাঁধ টেকসই ও সুরক্ষিত রাখার জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান গড়ে তোলা হয়েছে। ওই বনায়নের ভেতর থেকে আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের গোড়া কেটে ফেলার দৃশ্য দেখা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত কোনো রাস্তা নির্মাণের উদ্দেশ্যে রাতের আঁধারে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি বর্তমানে নিবিড়ভাবে তদন্তাধীন রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর একদল প্রভাবশালী চক্র গোপনে গাছ কেটে ট্রাকযোগে বালু এনে ওই স্থানে রাস্তা নির্মাণের অপচেষ্টা চালায়। তবে এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি স্থানীয়রা।
উপকূলীয় এলাকার সচেতন মহলের মতে, সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে এই ধরনের সরকারি বনায়নের গাছ কেটে বালু ফেলে জমি দখলের পাঁয়তারা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য মারাত্মক হুমকি ও উদ্বেগজনক। তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এর নেপথ্যে থাকা প্রভাবশালীদের দ্রুত শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ছবি সংগৃহীত।
