বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের প্রাণের আনন্দ আর নতুন ধানের সুবাসে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
আজ বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
উৎসবের অংশ হিসেবে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি সুস্বাদু পায়েস, ঐতিহ্যবাহী পিঠা, মলিদাসহ নানা পদের গ্রামীণ খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে এর আগে থেকেই মন্দির আঙিনায় নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ এক প্রাণবন্ত উৎসবের রূপ নেয়।
আয়োজনে বিভিন্ন বয়সী ও বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক ভক্ত ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। নতুন ফসল ঘরে তোলার অনাবিল আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন এ বিষয়ে বলেন, “নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এই উৎসবের আয়োজন করে থাকি। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসবে অংশগ্রহণ করেন।”
তিনি আরও বলেন, “আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু নতুন ফসলের আনন্দ উদযাপন নয়, বরং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। উৎসবের শেষে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা, পায়েস, মলিদাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রসাদ হিসেবে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আমরা প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখতে চাই।”
উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন ও প্রধান লোকজ উৎসব। অগ্রহায়ণে নতুন আমন ধান ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে মূলত গ্রামবাংলায় এই উৎসবের প্রচলন হয়ে আসছে। নতুন চালের পিঠা-পায়েস তৈরি, আত্মীয়-স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষনির্ভর জীবন, সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির আসল রূপ প্রকাশ পায় এই নবান্ন উৎসবে। ছবি প্রতিবেদক।
