বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
প্রকৃতির নিয়মে পলি জমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাসার খালটি আজ প্রায় ভরাট হয়ে একটি মরা খালে রূপ নিয়েছে। ফলে হাজারো জেলের নিরাপদ পোতাশ্রয় এবং মৎস্যজীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগ মাধ্যম এই নৌপথটি এখন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফেরার পথে ডুবচরে আটকে যাচ্ছে অসংখ্য মাছবোঝাই ট্রলার। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাগর উত্তাল হলে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা ট্রলারগুলোও বালুচরে আটকে চরম বিপদের মুখে পড়ছে। যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশার কারণে ঘাটে সময়মতো ফিরতে না পেরে ট্রলারেই পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে দিনরাত কড়া পরিশ্রম করেও লোকসানের মুখে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন উপকূলীয় অঞ্চলের এই শ্রমজীবী মানুষগুলো।
উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘বাবলাতলা মৎস্য বাজার’কে ঘিরে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মৎস্যজীবী ও পাইকারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই বাজার। তবে খালের মোহনায় বড় বড় ডুবচর জেগে ওঠায় সমুদ্র থেকে ফিরে আর স্বস্তিতে ঘাটে ভিড়তে পারছেন না জেলেরা। জোয়ারের সময়ে কোনো রকমে ছোট ট্রলার প্রবেশ করতে পারলেও ভাটার সময় পুরো চিত্র পাল্টে যায়। তখন খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রলারগুলো চরে আটকে যায়। অনেক সময় বাধ্য হয়ে জেলেদের ট্রলারের মাছ মাথায় করে বা অন্য মাধ্যমে ঘাটে নিয়ে আসতে হয়।
বিজ্ঞাপন
স্থানীয় জেলে সোবহান সিকদার জানান, একসময়ে এই খালের খরস্রোতা রূপ সবার মনে ভয় ধরালেও আজ ভাটার টানে সেটি হেঁটে পারাপার করা যায়। ডুবচরের কারণে ট্রলারগুলো দীর্ঘ সময় আটকে থাকায় অনেক মাঝি বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হন অথবা মাছ পচে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন।
বাবলাতলা বাজারের আড়তদার ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, শীত মৌসুমে এই হাটে কোটি টাকার মাছের ব্যবসা হয়। কিন্তু মোহনার মুখ বন্ধ হয়ে যাওয়ায় জেলেরা এখন এই ঘাটে আসতে নিরুৎসাহিত হন। দ্রুত খালটি খনন না করা হলে অনেক জেলে পেশা বদলাতে বাধ্য হবেন। অপর ব্যবসায়ী হাজী মাসুদ জানান, খালের দুর্ভোগের কারণে অনেক সময় জেলেরা বিকল্প হিসেবে মহিপুর বা আলীপুর ঘাটে যেতে বাধ্য হন, যা তাঁদের জন্য অতিরিক্ত জ্বালানি খরচ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহুরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ শিকার করলেও চ্যানেলের নাব্যতা সংকটের কারণে সময়মতো ঘাটে পৌঁছাতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যাতে দ্রুত খালটি খননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
অন্যদিকে, বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, সংশ্লিষ্ট মন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে চ্যানেল খননের কাজ চলছে। ধুলাসার খালের বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে যথাযথ আবেদন বা প্রস্তাব পাওয়া গেলে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।
