স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সীমান্তবর্তী এসব এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ২৯ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একশ পনেরো বোতল ভারতীয় উইনডোরেক্স কফ সিরাপ, একশ একানব্বই পিস ভারতীয় শাড়ি, তিন পিস থ্রি-পিস, এক পিস কম্বল, একশ তিন পিস চাদর, আঠারো প্যাকেট ফুসকা, এক প্যাকেট কিসমিস, চারশ ষাট পিস চকলেট এবং তিনশ তিয়াত্তর পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানকৃত পণ্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য বাইশ লক্ষ চল্লিশ হাজার পাঁচশত টাকা।
সীমান্ত সুরক্ষায় এবং অবৈধ মাদক ও চোরাচালান নির্মূলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর এ ধরনের কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
