স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক কয়েকটি অভিযানে মোট ২ হাজার ১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ২০ বোতল উইনডোরেক্স কফ সিরাপসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গত ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে যশোর সদর ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু শেষে গত বুধবার (২৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান-০১ (যশোর-বেনাপোল রোড) : গত ২৮ অক্টোবর রাত ৯টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) বাবলা দাস ও এএসআই (নিঃ) রিপন আলীর নেতৃত্বে একটি চৌকস টিম কোতোয়ালী থানাধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মন্ডলগাতী গ্রামস্থ নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— শার্শা উপজেলার কোটা বাগুড়ী (পশ্চিম কোটা) গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মো. ইয়াছিন গাজী (২৬) এবং মৃত আব্দুল রশিদের ছেলে মো. আব্দুল গফ্ফার (৩০)।
বিজ্ঞাপন
অভিযান-০২ (ছোটনের মোড় এলাকা) : একই দিন (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে আরেকটি টিম কোতোয়ালী মডেল থানাধীন ০৭ নং ওয়ার্ডের ছোটনের মোড় সংলগ্ন হযরত ওসমান (রঃ) মসজিদের সামনে মনিহার টু নতুন বাস টার্মিনালগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. বাদশা মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদশা মিয়া যশোর পৌরসভার শংকরপুর জমাদ্দার পাড়ার (ওয়ার্ড নং- ০৭) মো. জালাল মাতুব্বরের ছেলে।
অভিযান-০৩ (ঝিকরগাছার শংকরপুর) : এর আগে গত ২৮ অক্টোবর দুপুর ৩টা ৫৫ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঝিকরগাছা থানাধীন ১০নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামস্থ জনৈক ইয়ার আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP সহ মো. শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা থানার রুদ্রপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জহুর আলী মোল্লার ছেলে।
অভিযান-০৪ (চাচড়া বাজার মোড়) : সর্বশেষ গত ২৯ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে অপর একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন খাদিজা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে চাচড়া বাজার মোড় থেকে শঙ্করপুর বাস টার্মিনালগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ১৪০ পিস ইয়াবাসহ মো. হাসিবুর ইসলাম ফাইমকে (১৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাইম যশোরের কোতোয়ালী থানাধীন চোর মারা দিঘীর পশ্চিমপাড় এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে তাদের সকলকে কঠোর পুলিশ নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কতৃপক্ষ। ছবি সংগৃহীত।
