স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় থানা-পুলিশের বিশেষ চিরুনি অভিযানে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শার্শা থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— শার্শার পাড়িয়ার ঘোপ এলাকার মৃত শামসুর রহমানের ছেলে ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে সাবেক ইউপি সদস্য শেখ নাজমুল হাসান (৫১), গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় একটি বিশেষ মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর-২৩, তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২)। উক্ত মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৬ ধারায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
শার্শা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে কড়া পুলিশ প্রহরায় যশোর বিচারালয়ে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

