স্ফুলিঙ্গ ডেক্স :
দীর্ঘ ৮ বছর পর জামালপুরের ইসলামপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় সরাসরি জড়িত মূল ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— জামালপুরের ইসলামপুর উপজেলার আগুনের চর এলাকার মো. জালাল মিয়া (৪২), মো. নুর ইসলাম (৩২) এবং মো. মোজাম্মেল হক (৪৮)।
বিজ্ঞাপন
সিআইডি সূত্রে জানা গেছে, জামালপুর সিআইডি কার্যালয়ের একটি টিম গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ ইসলামপুরের নাপিতের চর এলাকা থেকে প্রথমে জালাল মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সিআইডির নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় পরদিন ২৭ আগস্ট গাজীপুরের টঙ্গী থেকে নুর ইসলাম এবং গাজীপুর কলেজ রোড এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২ জুলাই ২০১৮ তারিখ দুপুরে ভিকটিম বকশীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে আসামিরা সংঘবদ্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে ইসলামপুরের চুংরাপাড়া পুবেরবন্দ এলাকায় নিয়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন, যা পরবর্তীতে ২০২০ সালে অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তরিত হয়।
সিআইডি জানায়, দীর্ঘদিন আগের ঘটনা হওয়ায় আসামি শনাক্তকরণে প্রাথমিক জটিলতা তৈরি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ৩ জনের অস্পষ্ট ছবি সংগ্রহ করে জামালপুর ও আশপাশের জেলাগুলোতে প্রায় ৫ হাজার পোস্টার সাটানো হয় এবং তথ্যদাতার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
এই প্রচারণার সূত্র ধরে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার সম্পন্ন করে সিআইডি। আসামিরা আদালতে সোপর্দ হওয়ার পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও অন্যান্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

