ওড়না কেটে লাশ সরানোর অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার

ওড়না কেটে লাশ সরানোর অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২০ নভেম্বর ২০২৬

গত বছর জামালপুরে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় অধিকতর তদন্ত চালিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর জেলা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জামালপুর সদর থানার দাপুনিয়া এলাকা থেকে বাড়ির মালিক মো. মোস্তাফিজুর রহমান বাচ্চুকে (৪৪) গ্রেফতার করা হয়; পরে তাঁর দেখানো মতে রান্নাঘর থেকে ওড়না কাটার কাজে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয় এবং ১৮ নভেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুলাই জামালপুর সদর থানার দাপুনিয়া সাকিনের বাইদের ক্ষেত এলাকার একটি পতিত জমির পানিতে এক পুরুষের (৩০) উলঙ্গ মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যার গলায় সবুজ রঙের ওড়না পেঁচানো ছিল। পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় সাকিব ওরফে শাকিল (৩০) হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ জুলাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা (নং-২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুরুতে থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলেও আদালত তা গ্রহণ না করে স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই জামালপুর জেলাকে নির্দেশ দেন। বর্তমানে উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ মামলাটি তদন্ত করছেন।

পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, নিহত সাকিব ও তাঁর স্ত্রী শাহানার মধ্যে পারিবারিক কলহের জেরে ২০২৫ সালের ৭ জুলাই রাতে ঝগড়া হয়। খবর পেয়ে শাহানার মা আঙ্গুরী বেগম এসে মেয়ে ও নাতিকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় চলে যান। পরবর্তীতে সাকিব সেখানে গিয়ে চিৎকার-চেঁচামেচি করলে বাড়ির মালিক মো. মোস্তাফিজুর রহমান বাচ্চু তাঁকে চলে যেতে বলেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পরদিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাচ্চু নিজ বাড়ির উঠানে বড়ই গাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পান। পরিবারের সদস্যদের সম্ভাব্য ঝামেলা থেকে বাঁচাতে তিনি বটি দিয়ে ওড়না কেটে মরদেহ নামিয়ে নির্ধারিত স্থানে ফেলে রেখে আসেন এবং বিষয়টি গোপন রাখেন।

ঘটনার প্রকৃত বাস্তবতা যাচাই এবং এর সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *