স্ফুলিঙ্গ রিপোর্ট :
সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৯৭ বোতল অবৈধ ‘উইনসেরেক্স’ (WINCEREX) কফ সিরাপসহ মো. সুজন মোড়ল (৩১) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামস্থ জনৈক মো. আউয়ালের বাড়ির প্রধান ফটকের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো. সুজন মোড়ল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত শফি মোড়লের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সবুজ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম ওই এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তায় দাঁড়ানো সুজন মোড়লের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে সর্বমোট ৯৭ (সাতানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপ এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আলামতসহ আসামিকে থানা হেফাজতে নেওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ দুপুরেই গ্রেপ্তারকৃত সুজন মোড়লকে যথাযথ পুলিশ পাহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বেনাপোল পোর্ট থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

