স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় একটি মেহগনি বাগানের ভেতর পলিথিন দিয়ে তৈরি গোপন জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে থানা-পুলিশ। স্থানটিতে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়ি, দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর জুয়াড়িরা সটকে পড়তে সক্ষম হয়।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলসারা পশ্চিমপাড়া গ্রামের স্থানীয় আলতা বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তির মেহগনি বাগানের গহীনে পলিথিন টাঙিয়ে অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল— এমন সুনির্দিষ্ট ও গোপন তথ্যের ভিত্তিতে চৌগাছা থানার একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
পুলিশের গাড়ি দেখতে পেয়ে আস্তানায় থাকা জুয়াড়িরা তড়িঘড়ি করে সটকে পড়ে। পরবর্তীতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জুয়াড়িদের ফেলে যাওয়া একটি নম্বরবিহীন মাহিন্দ্রা, দুটি বাটন মোবাইল ও একটি বাইসাইকেল আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে আসে।
চৌগাছা থানা প্রশাসন জানিয়েছে, জুয়ার আস্তানা পরিচালনা ও এতে জড়িত পলাতক জুয়াড়িদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
