মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
বিএনপির পরিচয় ব্যবহার করে যাঁরা চাঁদাবাজিতে জড়িত, তাঁদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দু-একজন ব্যক্তির চাঁদাবাজির কারণে পুরো দলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে না এবং চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জালস্বরূপ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিগত ১৬ বছর ধরে এই চাঁদাবাজরা রাতের অন্ধকারে আঁতাত করে টিকে ছিল। আগামী দিনগুলোতেও এরা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং সংকটের মুহূর্তে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজেদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দু-একজন মাদক কারবারি কিংবা চাঁদাবাজের অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধূলিসাৎ বা নস্যাৎ হতে দেওয়া যাবে না। যাঁরা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন, এই সমাজে তাঁদের টিকে থাকার অধিকার নেই।
প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, এখন থেকে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি তাঁকে গ্রেপ্তার করতে হবে। এসব ব্যক্তিকে দলের জন্য আবর্জনা ও বোঝা হিসেবে অভিহিত করে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ বিন হাসান এবং জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

