জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রাম্য আধিপত্য ও পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক পক্ষের বসতবাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। অপরদিকে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রতিপক্ষের হাতে নিজেদের লোকজন আক্রান্ত হওয়ার পাল্টা অভিযোগ তুলেছে আরেক পক্ষ। এসব পরস্পরবিরোধী অভিযোগ ও পাল্টা অবস্থানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাটি মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকার। স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মৌফুলকান্দী গ্রামের মন্ডল গোষ্ঠী এবং খলিশাখালী গ্রামের বিশ্বাস গোষ্ঠীর অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে বিরোধ চলে আসছে।
বিজ্ঞাপন
মামলার বাদী মো. শাহাজান কবির অভিযোগ করেন, গত ১০ নভেম্বর রাতে একটি দোকানের সামনে মলত্যাগ করা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহাজন বিশ্বাস পক্ষের লোকজন মন্ডল পক্ষের প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর ও দোকানে চড়াও হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই হামলায় ইজিবাইক রাখার ঘর, দুটি ইজিবাইক ও দোকানঘর ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেওয়ার দাবিও উঠেছে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাস (৫২) নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মন্ডল পক্ষের দাবি, গ্রেপ্তারকৃতরা জামিনে ছাড়া পাওয়ার পর মামলা প্রত্যাহারের জন্য বাদী ও তাঁর স্বজনদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি গত ২৪ নভেম্বর আরিফ (২২) নামের এক যুবককে নিজেরাই জখম করে হাসপাতালে ভর্তি করে প্রতিপক্ষকে ফাঁসানোর কৌশল নেওয়া হয়েছে বলেও অভিযোগ করে তারা। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে বিশ্বাস পক্ষ।
ভুক্তভোগী প্রিন্সের মা লাভলী খাতুন বলেন, সম্প্রতি স্বামীকে হারানোর শোক এখনো সামলে উঠতে পারেননি তাঁরা; এর মধ্যেই বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জানিয়ে তিনি বলেন, তাঁর ছেলের বউ সুন্নাতি দুই শিশুকে নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
মো. নজরুল ইসলাম ওরফে ময়েন উদ্দীন মন্ডল বলেন, খলিশাখালীর প্রভাবশালী মাহাজন ও তাঁর অনুসারীদের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানির কারণে গ্রামবাসী অতিষ্ঠ। শান্তিপূর্ণ পরিবেশ ফেরাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে, মাহাজন বিশ্বাসের অনুসারীরা স্বীকার করেন যে দোকানের সামনে মলত্যাগকে কেন্দ্র করে তাঁদের লোকজন মন্ডল পক্ষের বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালিয়েছিল এবং সেই মামলায় তাঁরা জেলও খেটেছেন। তবে কারাগার থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের লোকজন তাঁদের দুজনকে মারধর করেছে বলে পাল্টা দাবি করেন তাঁরা। বর্তমানে নিজেদের লোকজন শান্ত রয়েছে জানিয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তাঁরা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, পুরো ঘটনাটি পুলিশের নজরে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং আরেকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে; বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ছবি প্রতিবেদক।
