জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
মাগুরার মহম্মদপুরে অসহায়, দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে ঢেউটিন, গৃহমঞ্জুরি ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল এবং সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ ও সামগ্রী তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আজম শাবু, মহম্মদপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সবুজ, ঢাকাস্থ পেশাজীবী ফোরামের সভাপতি আলমগীর হোসেন এবং সহ-সভাপতি আরিফ খান। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজন সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন তহবিল ও প্রকল্পের অধীনে ১৩ জন উপকারভোগীকে মোট ৯০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত ৫০ জনের মাঝে গৃহমঞ্জুরি সহায়তা এবং বসতঘর নির্মাণ ও মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, সমাজের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগকবলিত পরিবারগুলোর পুনর্বাসন এবং আবাসন সমস্যা লাঘবে এ সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। প্রকৃত দুস্থদের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়। ছবি প্রতিবেদক।
