স্ফুলিঙ্গ রিপোর্ট :
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সংলগ্ন এলাকায় পাসপোর্ট ‘ব্লক’ বা স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা চালিয়েছেন একদল লাগেজ ব্যবসায়ী।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন লাগেজ ব্যবসায়ী ইমিগ্রেশন প্রাঙ্গণে জড়ো হয়ে এ বিক্ষোভের চেষ্টা চালান।
আন্তর্জাতিক সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ব্লক করা পাসপোর্টধারী ভারতীয় ও বাংলাদেশী লাগেজ ব্যবসায়ী পার্টির সদস্যরা সংঘবদ্ধ হয়ে পেট্রাপোল ইমিগ্রেশন চত্বরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় পুলিশ ও নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদের প্রধান ফটকে বাধা দেন এবং ছত্রভঙ্গ করে দেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের স্পষ্ট জানিয়ে দেয় যে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ধরনের বিক্ষোভ বা বিশৃঙ্খলা উভয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। পাশাপাশি, পাসপোর্টের জটিলতা ও অন্যান্য দাবির বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সীমান্ত ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথ সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন কূটনৈতিক আশ্বাস পাওয়ার পর বিক্ষোভের চেষ্টা চালানো লাগেজ ব্যবসায়ী পার্টির সদস্যরা চত্বর ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, পেট্রাপোল ইমিগ্রেশন ও বেনাপোল সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা এবং যাত্রী পারাপারের সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

