মাগুরা প্রতিনিধি
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য এবং বিএনপি নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলার অভিযোগ তুলে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা ছাত্রদল ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এ কর্মসূচি পালন করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে শহরের পুলিশ লাইন্স এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা নানা প্রতিবাদী স্লোগান দেন।
বিজ্ঞাপন
কর্মসূচিতে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ সদর উপজেলা, পৌর, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, নড়াইলে সদ্য দুই নেতাকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।
এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশজুড়ে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা।ছবি সংগৃহীত।

