বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আমিনুল ইসলাম কলাপাড়া উপজেলার দাসের হাওলা গ্রামের আব্দুর রাজ্জাক ও ফিরোজা বেগমের সন্তান। তিনি চট্টগ্রামের একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন। ওই মামলায় ২০১৫ সালে গ্রেফতার হওয়ার পর টানা সাত বছর কারাভোগ করেন তিনি। পরবর্তীতে ২০২২ সালে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যান আমিনুল।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে পলাতক এই আসামির অবস্থান শনাক্ত ও গতিবিধির ওপর নিবিড় নজরদারি চালিয়ে আসছিল কলাপাড়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ দলটি।
গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
