স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছায় এমকে সুপার মার্কেটে আধুনিক ও নান্দনিক খাবারের আয়োজন নিয়ে ‘যশোর রোড এমকে ফুড কোর্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফিতা কেটে নতুন এ ফুড কোর্টের শুভ সূচনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক (ইউএনও) এম সাইফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম সাইফুল্লাহ এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষিত তরুণ উদ্যোক্তারা চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে সৃজনশীল আত্মকর্মসংস্থান গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও কর্মের পথ দেখাতে পারেন। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে দেশীয় ঐতিহ্যের খাবার পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুকুট, নির্বাহী পরিচালক সোহেল হাওলাদার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের ঝিকরগাছা সংবাদদাতা কে এম ইদ্রিস আলী, বাঙালি বাইটসের স্বত্বাধিকারী, ডেইলি রোজ বারের স্বত্বাধিকারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ফুড কোর্টের প্রতিটি কার্টের রয়েছে আলাদা নাম ও নিজস্ব মেনু, যেখানে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক ও আধুনিক স্বাদের খাবার রাখা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য ‘ব্লু ওয়েভ’-এ কাঁকড়া, অক্টোপাস, লবস্টার, চিংড়ি, স্কুইডসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণিজ খাবার পাওয়া যাবে। দেশীয় ও ভারতীয় খাবারের আয়োজন নিয়ে থাকা ‘দেশি ডিলাইটস’-এ হাঁসের মাংস, সীতা রুটি, ডোসা, পাও ভাজি, মালাইরুটি ও চটপটিসহ নানা পদ রাখা হয়েছে।
এ ছাড়া ‘ডেইলি রোজ বার’-এ বিভিন্ন ফ্লেভারের জুস, বটফোনা ও চুইঝালের সোলা মুড়িসহ মুখরোচক খাবার মিলবে। ঐতিহ্যবাহী বাংলার স্বাদ তুলে ধরতে ‘বাঙালি বাইটস’-এ মৌসুমি পিঠা, ফুচকা, দই ফুচকা, মটকা বিফ, মটকা চা ও নানা ধরনের রুটি থাকছে। পাশাপাশি মিষ্টান্ন ও ফাস্টফুডপ্রেমীদের জন্য ‘টেস্টি কার্ট’-এ কেক, পুডিং, মোমো, হালিম ও পিৎজাসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হবে।
উদ্যোক্তারা জানান, ঝিকরগাছা ও আশপাশের মানুষের জন্য পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবারবান্ধব একটি খাবার কেন্দ্র গড়ে তোলা, স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং এলাকার খাদ্য ও বিনোদন সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করাই এ ফুড কোর্ট চালুর মূল লক্ষ্য। ছবি সংগৃহীত।
