স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
আগামীকাল রোববার (২২ নভেম্বর) যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে যশোর পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) সভায় সভাপতিত্ব করেন।
ব্রিফিং সভায় নিয়োগ বোর্ডের সদস্য এবং মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান আগামীকালের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটি দলের সদস্যদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), বিভিন্ন সার্কেলের পুলিশ কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্স সদস্যরা।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক বার্তায় জানানো হয়েছে, প্রার্থীদের সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মে না জড়ানো এবং কোনো প্রতারক চক্রের ফাঁদে না পড়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
