চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরবর্তীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা সদর থানা ও জীবননগর থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এ যৌথ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর থানার ঠাকুরপুর গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে আশরাফ উদ্দিন লাভলু (৫৫) এবং কেদারগঞ্জ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৪০)।
বিজ্ঞাপন
ডিএনসি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট স্থানগুলোতে প্রকাশ্যে মাদক সেবনের তথ্য পেয়ে ডিএনসির টিম অভিযান চালিয়ে আশরাফ ও ফারুককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ১ ও ২ নম্বর আসামি দুজনকেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে নগদ অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডাদেশ ঘোষণার পর বিজ্ঞ আদালতের নির্দেশনা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করেছে চুয়াডাঙ্গা ডিএনসি ও স্থানীয় থানা পুলিশ। ছবি সংগৃহীত।

