স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চৌগাছা পৌরসভাস্থ কলেজপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল হোসেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানা-পুলিশের নিয়মিত অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এএসআই (নিঃ) মো. আঃ রহমান শান্ত সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহলে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কলেজপাড়ায় মাদকের কেনাবেচা চলছে জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন হিসেবে শাকিলকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২০০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
চৌগাছা থানা প্রশাসন জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার বিকেলেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে উপজেলাজুড়ে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
