চৌগাছা (যশোর) প্রতিনিধি
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় ফুটপথ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল দশটায় পৌর লাইট চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে উপজেলা সড়কে বিভিন্ন দোকানের সামনে চাল তৈরি করা এবং দোকানের বাইরে অতিরিক্ত মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিজ উদ্যোগে সেসব মালামাল ও স্থাপনা অপসারণ করার কড়া নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ মুনীব, থানা অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর নির্বাহী অফিসার মোশাররফ হোসেন এবং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব। এছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অভিযানে অংশ নেন।
প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ পথচারী ও ক্রেতারা।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ মুনীব বলেন, শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করতে যে অভিযান আজ শুরু হয়েছে, তা নিয়মিত ও অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।

