কেশবপুর (যশোর) প্রতিনিধি
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে দাপ্তরিক তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ সময় সিরাজ, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ বেশ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং কর্তব্যরত শিক্ষকদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা শিক্ষকদের পূর্ণ সম্মান ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন প্রদর্শন করেন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়— ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষকদের অপমান, মানবো না মানবো না’।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানচর্চা ও নৈতিকতা অর্জনের পবিত্র স্থান। সেই জায়গায় শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করা হবে। ছবি প্রতিবেদক।

