স্ফুলিঙ্গ রিপোর্ট :
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যশোরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও নানা তৎপরতা দেখা গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পুলিশের অভিযান, গ্রেপ্তার এবং নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ তা ভিত্তিহীন বলে জানিয়েছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকার হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় যশোর কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, যশোর নিউমার্কেট এলাকায় হেলমেট পরিহিত অজ্ঞাত ব্যক্তিদের দুটি ককটেল বিস্ফোরণের একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনাকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। মঙ্গলবার রাতে তিনি জানান, কিছু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ককটেল বিস্ফোরণের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ধ্যা থেকেই সংশ্লিষ্ট এলাকায় পোশাকধারী পুলিশের টহল অব্যাহত ছিল। বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
অন্যদিকে, ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সলের নেতৃত্বে দড়াটানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় অতিক্রম করে মনিহার স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইকবাল রুজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
একই কর্মসূচির প্রতিবাদে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলও পৃথক বিক্ষোভ মিছিল করে। সাধারণ সম্পাদক রিফাত হোসেনের নেতৃত্বে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ঘোপ জেল রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়। দুটি মিছিলই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের হরতালবিরোধী কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কাঁদু, প্রচার সম্পাদক রিয়েল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, যশোরের শার্শা উপজেলায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে কৃষক লীগের কর্মী আকরাম আলী (৫৪) এবং কদমতলা গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আওয়ামী লীগের কর্মী আবদুর রশিদ (৫৫)। ছড়িয়ে পড়া ভিডিওতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাত তিন-চারজনকে রেললাইনের ওপর টায়ার জ্বালাতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গ্রেপ্তার দুজনের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এ ছাড়া যশোরে নাশকতার পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়ার আব্দুর রশিদ, শহরের বেজপাড়া তালতলা এলাকার শহিদুল ইসলাম সুজন (৩১), উপশহর এস ব্লক এলাকার নাসিম আহম্মেদ (২৬) এবং সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘির পাড় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করে মাইকপট্টি হয়ে সাবেক কাউন্সিলর হাজি সুমনের বাড়ির সামনে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম সুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি দোকানে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির জন্য ব্যানার তৈরির অভিযোগে দায়ের করা মামলায় নাসিম আহম্মেদকে আটক করা হয়। একইভাবে গত ৩১ জুলাই সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় নাশকতার পরিকল্পনায় মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যশোরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, রেললাইনে টায়ার পোড়ানোর ঘটনা এবং পুলিশের ধারাবাহিক অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
