স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলাজুড়ে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে স্থানান্তরিত বিজিবি সদস্যগণ স্থানীয় বেসামরিক প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয় রক্ষা করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অস্থিতিশীলতা রোধে বিজিবি সদস্যরা দিন-রাত সতর্কতামূলক টহল, যৌথ টহল এবং নিয়মিত মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
এছাড়াও গোপালগঞ্জের মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সমন্বয়ের জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যেন কোনো প্রকার নাশকতামূলক বা অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে ব্যাপারে আগে থেকেই বিজিবি সদস্যরা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, জেলার যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সহায়তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ছবি সংগৃহীত।
