স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে মৌলভীবাজারের পর্যটন এলাকা শ্রীমঙ্গলের একটি রিসোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় কতিপয় দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশায় চলাচলের সময় আচমকা কয়েকজন ব্যক্তি হাতে দেশীয় রামদা ও লাঠিসোঁটা নিয়ে হাসিবের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে এ সময় তাঁকে দৌড়ে পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
এদিকে শ্রীমঙ্গলের সংশ্লিষ্ট ‘বালিশিরা রিসোর্ট’ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর হাসিব আল ইসলাম ও তাঁর এক নারী সঙ্গী উক্ত রিসোর্টের ১১৮ নম্বর ‘অগ্নিবীণা’ নামের কক্ষটি ভাড়া নেন। রিসোর্টটির ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তাঁরা দাম্পত্য পরিচয় দিয়ে কক্ষে অবস্থান করছিলেন এবং আজ মঙ্গলবার সকালে তাঁদের রিসোর্ট ত্যাগ করার কথা ছিল। তবে চেকিং আউটের ঠিক পূর্বমুহূর্তেই বাইরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
এই ঘটনার পর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। এক বিবৃতিতে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হাসিবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে জাহিদ আহসান অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোর দাবি জানান।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ছবি সংগৃহীত।
