স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। গভীর রাতে একটি চা দোকানে চালের টিন কেটে ঢুকে নগদ অর্থ, সিগারেট, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক চুরি, মাদকের অবাধ বেচাকেনা ও সেবীদের বেপরোয়া তৎপরতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় অধিবাসীরা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শেখহাটি তরফ নওয়াপাড়ার ‘আশিক টি স্টোর’-এর মালিক আলতাফ দোকান বন্ধ করে বাড়ি যান। আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান ঘরের টিন কাটা এবং ভেতরের ক্যাশ বাক্সের নগদ টাকা, মূল্যবান ব্র্যান্ডের সিগারেট, একটি বাটন মোবাইল ও নানা প্রকার মালামাল গায়েব হয়ে গেছে। দোকানমালিক আলতাফ জানান, চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো হিসাব করা সম্ভব হয়নি। তবে তিনি আপাতত কোনো আনুষ্ঠানিক আইনি মামলা দায়ের করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তামিম সরেজমিনে ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেন এবং আইনি পদক্ষেপের জন্য থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়ে চলে যান।
এলাকাবাসীর চরম অভিযোগ, নওয়াপাড়া ইউনিয়নজুড়ে এখন প্রতিনিয়ত চুরি ও অনৈতিক কর্মকাণ্ড নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মাদকের ভয়াল গ্রাসই এসব অপরাধের মূল উৎস হলেও তা দমনে স্থানীয় তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির দৃশ্যমান কোনো তৎপরতা নেই। অপরাধ সংঘটিত হলে পুলিশ এসে কেবল ‘পরিদর্শন’ করে দায় সারছে, কিন্তু প্রতিরোধে কার্যকর টহল ব্যবস্থা বা অভিযান চালাতে তাদের তীব্র অনিহা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে একাধিকবার এসআই তামিমের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি টহল বৃদ্ধির উদ্যোগ না নিয়ে উল্টো “খবর দিলে এসে ধরব” বলে দায়িত্ব এড়িয়ে যান। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে সার্বিক চিত্র ও অভিযোগের বিষয়ে জানতে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তামিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অবিলম্বে এলাকায় নৈশটহল জোরদার, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে যশোরের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।ছবি সংগৃহীত।

