স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ভিড়ে অনাকাঙ্ক্ষিতভাবে গায়ে হাত দেওয়া বা স্পর্শ করার ঘটনায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ ছয় বছর ধরে নিয়মিত আদালতে যাতায়াত করলেও সংবাদকর্মী বা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তাঁর কোনো দিন দুর্ব্যবহারের রেকর্ড নেই বলে দাবি করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি বিব্রতকর ঘটনার প্রসঙ্গ তোলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
ঘটনাটির বর্ণনা দিয়ে পরীমনি বলেন, “এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেল আমার। মূলধারার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর—সবাই এই দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে চলাচল করছেন। কেউ কি বলতে পারবেন যে কখনো কারো সঙ্গে আমার একটুও খারাপ ব্যবহার হয়েছে? কেউ পারবেন না।” সাম্প্রতিক এক ঘটনার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সে যখন আমাকে ধরেছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করি—আমাকে কেন ধরছ? জবাবে সে তার প্রেস কার্ড দেখিয়ে বলে যে সে সাংবাদিক। কিন্তু কথা হলো, সেটা ব্যাড টাচ হোক বা গুড টাচ—আমার তো ব্যথা লাগছে!”
এদিকে, এদিন আদালতে পরীমনির বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মাদক মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও পায়ে গুরুতর ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছিল।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই বছরই ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের স্থগিতাদেশের প্রক্রিয়া পেরিয়ে বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

