পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে ভয়াবহ এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর ও তাঁর তলপেটে লাথি মারার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর (শোবিজ) নোটিশ দেওয়া হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব, যিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষক নিবেদিতা দেব অভিযোগ করে জানান, ঘটনার দিন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিদ্যালয়ের বাইরে একটি স্থানে বৈঠক করে তাঁকে সেখানে ডেকে পাঠান। কিন্তু কী বিষয়ে বৈঠক, তা না জানানোয় তিনি সেখানে না গিয়ে তাদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলার অনুরোধ জানান। এরপরই স্থানীয় বিএনপি নেতা ও সাবেক শিক্ষক তথা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ বেশ কয়েকজন বিদ্যালয়ে এসে চড়াও হন।

একপর্যায়ে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তাঁর তলপেটে সজোরে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর অনাগত সন্তানের কোনো ক্ষতি হলে তাঁরা দায়ী থাকবেন—এ কথা বলার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী শিক্ষিকা তাঁর স্বামী সৌমিত্র মজুমদারকে সঙ্গে নিয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। তাঁর দাবি, কমিটি গঠন নিয়ে স্কুলের পাশেই একটি বৈঠক চলছিল এবং সেখানে শিক্ষিকাকে যেতে বলা হলেও তিনি যাননি। পরে স্থানীয়রা স্কুলে গিয়ে কারণ জানতে চাইলে সামান্য হট্টগোল হয়, তবে কোনো মারধর বা লাথি মারার ঘটনা ঘটেনি। উল্টো ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছিলেন বলে দাবি করেন তিনি।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিএনপি সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *