কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ শেষে তথ্য সংগ্রহকারীদের মাঝে ডিজিটাল ট্যাব বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে এই কার্যক্রমের সূচনা করা হয়।
এর আগে দুপুর দুইটার পর সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন তথ্য অধিদপ্তরের ঢাকা পিআইডি অডিটোরিয়াম থেকে এক ভার্চ্যুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে দেশব্যাপী ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তথ্য সংগ্রহ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী ভার্চ্যুয়াল কনফারেন্স শেষে কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহকারী কর্মীদের হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। অনুষ্ঠানে উপজেলার বারবাজার, সুন্দরপুর দুর্গাপুর ও জামাল ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজারের হাতে এসব আধুনিক ট্যাব হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সমবায় কর্মকর্তা রাশিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল হোসেন ও রেজাউল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ। ছবি সংগৃহীত।
