রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশি অভিযানে অভিনব কায়দায় খাকি কস্টেপে মোড়ানো ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোসা: মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুর-সাফদারপুর রোডের সাড়াতলা এলাকার স্থানীয় মুজাহিদের ড্রাগন ক্ষেত সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি মোসা: মিম (২২) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২ আগস্ট) রাতে কোটচাঁদপুর থানার এসআই অমিত কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি চৌকশ দল এলাকাজুড়ে নৈশকালীন মোবাইল টহল ও বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। সোমবার ভোরে কোটচাঁদপুর-সাফদারপুর রোডের সাড়াতলা এলাকায় টহল দেওয়ার সময় সাফদারপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল পুলিশের নজরে আসে।
মোটরসাইকেলটির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ থামার নির্দেশ দেয়। তবে চালক পুলিশি উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নারী আরোহী ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান। চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ সদস্যরা আছাড় খেয়ে পড়া ওই নারীকে তাৎক্ষণিকভাবে ঘিরে ফেলে আটক করেন।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে আটককৃত মিমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে সুকৌশলে খাকি রঙের কস্টেপ দিয়ে শক্ত করে পেঁচানো দুটি আলাদা প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুলে সর্বমোট ২ (দুই) কেজি অবৈধ গাজা জব্দ করা হয়।
প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিম জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মো: হাসান। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তাঁরা দুজনে যোগসাজশে বিভিন্ন স্থানে অবৈধ মাদকের চালান সরবরাহ করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া সহযোগী হাসানকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

