স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুর উপজেলায় বিএনপির সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় তবিবুর রহমান (৪৫) নামের স্থানীয় এক বিএনপি নেতা গুরুত্বর আহত হয়েছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার হাসানপুর ইউনিয়নের আওলগাতী বাজারে এ সংঘাতের ঘটনা ঘটে।
আহত তবিবুর রহমান হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসানপুর ইউনিয়নের আওলগাতী বাজারের একটি চায়ের দোকানে বসে স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান (৭০) সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করছেন-এমন খবর পেয়ে সেখানে যান বিএনপি নেতা তবিবুর রহমান। তবিবুর বিষয়টি সম্পর্কে লুৎফরের কাছে কারণ জানতে চাইলে তাঁদের দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়।
অভিযোগ উঠেছে, বাকবিতণ্ডার একপর্যায়ে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান মোবাইল ফোনে খবর দিয়ে আরও ২০ থেকে ২৫ জন সহযোগীকে ডেকে আনেন। পরবর্তীতে তাঁরা সঙ্গবদ্ধ হয়ে বিএনপি নেতা তবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে। উক্ত ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
