মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম রকি (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গতকাল শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিবনগর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের একটি দল মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনাকালে খবর পায় যে, শিবনগর এলাকার মাহমুদুল বারী রচির বাড়ির ড্রয়িংরুমে এক ব্যক্তি বিক্রির উদ্দেশে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দলটি তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফুল ইসলাম রকি দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাঁকে ঘেরাও করে আটক করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রকি কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মাদক বিক্রির সংগে জড়িত ছিলেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

