মো: মাসুদ রানা, ( কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে সনদবিহীন দন্ত চিকিৎসালয় পরিচালনা, অবৈধ বিদেশি সিগারেট ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালীগঞ্জের সনদবিহীন দন্ত চিকিৎসালয় ফিরোজ ডেন্টালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিলগালা করা হবে বলে সতর্ক করা হয়। এছাড়া আগামী ১০ দিন প্রতিষ্ঠানটির সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স আনিসুর রহমান স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, মাদকসংশ্লিষ্ট নিষিদ্ধ দ্রব্যাদি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার করা হয়। জব্দ করা অবৈধ বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। এসব অনিয়মের দায়ে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, কালীগঞ্জ মেইন বাজারের একটি প্রসাধনীর দোকানে বিদেশি কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের চিকিৎসার জন্য ২০০ ভায়াল অ্যান্টির্যাবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য ১৬ ভায়াল অ্যান্টিভেনম হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং মাদক ও অবৈধ পণ্যের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সনদবিহীনভাবে চিকিৎসাসেবা প্রদান, অবৈধ পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ কিংবা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা টাস্কফোর্স কমিটির এই যৌথ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ, কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ঝিনাইদহের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা মিরাজুল ইসলাম তালুকদার ও সহকারী রাজস্ব কর্মকর্তা মফিজুল ইসলাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। ছবি সংগৃহীত।

