কালীগঞ্জে চিত্রা নদীর বুকে ভেকুর তাণ্ডব :  রাতের আঁধারে অবৈধ  মাটি কাটার মহোৎসব!

কালীগঞ্জে চিত্রা নদীর বুকে ভেকুর তাণ্ডব : রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব!

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদীর বুক চিরে রাতের আঁধারে চলছে নির্বিচারে মাটি কাটার মহোৎসব। দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই নদীর বুকে গর্জে ওঠে ভেকু (এক্সকাভেটর) মেশিনের তাণ্ডব, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। এভাবে অবৈধ উপায়ে নদী থেকে কেটে নেওয়া মাটি ট্রাক্টরযোগে স্থানীয় বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন চিত্রা নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপ্রবাহ মারাত্মক হুমকির মুখে পড়েছে, অন্যদিকে ভারী ট্রাক্টরের বিকট শব্দ ও ধুলবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার মিলছে না, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্ত্বিপুর, মাগুরা ও পাঁচকাহুনিয়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চিত্রা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে। গভীর রাত পর্যন্ত একের পর এক ট্রাক্টর চলাচলের কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ও গ্রামীণ পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তাঁদের দাবি, জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মর্ডান ইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য কয়েকজন প্রার্থীসহ স্থানীয় প্রভাবশালীরা এই চক্রের নেপথ্যে রয়েছেন বলেও তাঁরা অভিযোগ করেন।

অভিযোগে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে রয়েছেন—আব্দুল মজিদ, মহিলা ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেন। তবে অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি দাবি করেন, তিনি পেশায় একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাটি কাটার ব্যবসার সঙ্গে তাঁর দূরতম কোনো সম্পর্ক নেই। অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, নির্বাচনে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, রাতেরবেলা নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অবগত হয়েছেন। তবে জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা করা বা তাৎক্ষণিকভাবে মাটি কাটা প্রতিরোধ করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে থানা পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দিনের বেলায় যদি কোথাও এ ধরনের মাটি কাটার ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় নদীপ্রেমী ও সচেতন মহলের দাবি, রাতের আঁধারে চলা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে প্রশাসন, পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত ও কঠোর উদ্যোগ অত্যন্ত জরুরি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরের সাহসী ও নির্ভীক সাংবাদিক রফিক মন্ডল এবার দৈনিক ইনকিলাবে

অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে ঝিনাইদহের নূর তাজ বেকারিকে লাখ টাকা জরিমানা

বারোবাজার রেলস্টেশনে গভীর রাতে নাশকতার চেষ্টা : স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোর...

শৈলকুপায় কালীনদী থেকে নিখোঁজ দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কোটচাঁদপুরে শোরুম থেকে পালসার নিয়ে পালানোর সময় মহেশপুরের যুবককে গণপিটুনি

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা : ৩ ঘণ্টার তল্লাশিতে মিলেছে নানা অনিয়মের প্রমাণ

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে আ.লীগ নেতা ‘গ্যাস বাবু’র প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমা...

কোটচাঁদপুরে ইয়াবা ও নগদ অর্থসহ মাদক কারবারি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

মুখে উন্নয়নের ফিরিস্তি, অথচ তালসার–সুতিগ্রামের ভাঙা সাঁকো পড়ে আছে বছরের পর বছর!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *