কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর ও সদর উপজেলার মানুষের যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল তালসার–সুতিগ্রামের ‘বাজারঘাট’ এলাকা। অথচ সেই জনবহুল সংযোগস্থলের সাঁকোটি ভেঙে পড়ে আছে দীর্ঘ দিন ধরে। চলাচলের স্বাভাবিক কোনো ব্যবস্থা না থাকায় এবং কোনো দৃশ্যমান সংস্কার উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই এলাকার হাজারো মানুষ। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী—কেউই রেহাই পাচ্ছেন না এই মানবেতর ভোগান্তি থেকে। প্রশ্ন উঠেছে, জনদুর্ভোগের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি নজর দেওয়ার কি কেউ নেই?
কোটচাঁদপুর উপজেলার ৩ নম্বর কুশনা ইউনিয়নের জনবহুল তালসার গ্রামের ‘বাজারঘাট’ এলাকাটি কেবল একটি পারাপারের মাধ্যম নয়, এটি দুই এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান নির্ভরযোগ্য পথ। তালসার, সুতিগ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করে আসছেন। কিন্তু সাঁকোটি ভেঙে যাওয়ার পর কার্যত অচল হয়ে পড়েছে দুই এলাকার মানুষের স্বাভাবিক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা।
বিজ্ঞাপন
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এই সাঁকো দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের পদচারণায় মুখর থাকত। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করত, কৃষকেরা তাঁদের উৎপাদিত সোনালী ফসল সহজে বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন এবং সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে সেই যোগাযোগের রাস্তাটিই এলাকাববাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। বাধ্য হয়ে অনেক ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হচ্ছে। বিশেষ করে জরুরি কোনো প্রয়োজন মেটাতে গিয়ে পড়তে হচ্ছে চরম বিপত্তিতে।
জনপ্রতিনিধি আছেন, প্রশাসনও আছে—তবু দেখার কেউ নেই?
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলের সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত এর কোনো স্থায়ী ও দৃশ্যমান সমাধান মেলেনি। স্থানীয়দের মনে দানা বেঁধেছে গভীর ক্ষোভ ও প্রশ্ন—একটি জনবহুল এলাকার মানুষের যোগাযোগের এমন লাইফলাইন স্বরূপ পথ দীর্ঘদিন ধরে অচল থাকলেও কি স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে বিষয়টি একবারের জন্যও আসেনি? স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তদারকি তবে কোথায় হারিয়ে গেছে? দেশের নানামুখী উন্নয়নের বড় বড় ফিরিস্তি শোনা গেলেও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত ব্যবস্থার এমন বেহাল দশা উন্নয়নের বাস্তব চিত্রকেই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ চরমে
এই ভাঙা সাঁকোর কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীরা। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে, হুটহাট জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়ার সময় সৃষ্টি হয় মারাত্মক সংকট। এছাড়া কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে হাটে বা বাজারে পরিবহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, এটি কোনো বিচ্ছিন্ন বা সাময়িক কোনো সমস্যা নয়; বরং দীর্ঘদিনের অবহেলা ও উদাসীনতার ফলে জনদুর্ভোগ আজ চরমে পৌঁছেছে।
আর কত দিন প্রতীক্ষায় থাকবেন সাধারণ মানুষ?
ভুক্তভোগী এলাকাবাসীর জোরালো প্রশ্ন—সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখার বা লাঘব করার দায়িত্ব আসলে কার? জনপ্রতিনিধিদের কাজ কি কেবল উন্নয়নের মৌখিক প্রতিশ্রুতি দেওয়া, নাকি প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাস্তব সমস্যার খোঁজখবর নেওয়াও তাঁদের পবিত্র দায়িত্বের অংশ? সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা কি কখনো সরেজমিনে এসে এই ভাঙা সাঁকো ও মানুষের নিদারুণ কষ্টগুলো অবলোকন করেছেন?
এলাকাবাসী কোনো বড় বা অসম্ভব দাবি করছেন না; তাঁরা কেবল দ্রুত চলাচলের উপযোগী একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা তথা সাঁকোটি সংস্কার কিংবা সেখানে একটি টেকসই পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং স্থানীয় সংসদ সদস্যের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তালসার–সুতিগ্রামের এই ভাঙা সাঁকো কেবল একটি ভঙ্গুর অবকাঠামো নয়; এটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দৈনন্দিন কষ্টের বাস্তব চিত্র এবং স্থানীয় উন্নয়ন তদারকির চরম ব্যর্থতার এক নীরব প্রতিচ্ছবি। উন্নয়নের সুফল যে প্রকৃতপক্ষেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে যে গ্রামের মানুষের চলাচলের পথকে সবার আগে গুরুত্ব দিতে হবে, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কতকাল নীরব দর্শকের ভূমিকা পালন করে, নাকি হাজারো মানুষের এই দুর্ভোগের অবসান ঘটাতে শেষ পর্যন্ত বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করে। ছবি প্রতিবেদক।

