কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শোরুম থেকে একটি নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে রাকিব (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়া নামক স্থানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক রাকিব জেলার মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার আদর্শপাড়ায় অবস্থিত সিরাজুল ইসলামের মোটরসাইকেল শোরুম থেকে একটি অনটেস্ট পালসার মোটরসাইকেল কেনার কথা বলে টেস্ট ড্রাইভের অছিলায় নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ও শোরুমের মালিক মিলে তাঁকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে চোর সন্দেহে মারধর করেন। খবর পেয়ে শোরুম মালিক সিরাজুল ইসলাম দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তাঁকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
এদিকে গণপিটুনির ঘটনায় রাকিব আহত হওয়ায় তাঁকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

