স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২০ নভেম্বর ২০২৬
তালাবদ্ধ বসতবাড়িতে হানা দিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ ৮ লাখ টাকা চুরির প্রায় এক বছর আগের একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নওগাঁ জেলা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার নথি ও তদন্তসূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন গোকুলপুর গ্রামের সুশীল শিকদার তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে আকন্দপুর গ্রামে যান। ওই সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। একই দিন বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখেন, প্রধান ফটকসহ কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা এবং ঘরের স্টিলের আলমারির সিন্দুক থেকে প্রায় ৩২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার বাদী হয়ে ২৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা (নং-১১, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড) দায়ের করেন।
বিজ্ঞাপন
শুরুতে থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলেও বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে নির্দেশ দেন। বর্তমানে পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলাটির তদন্ত করছেন।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেফতার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে বিশ্বকর্মা জুয়েলার্সের স্বত্বাধিকারী দিলীপ কুমারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে টিটুর দেখানো মতে তাঁর শয়নকক্ষ থেকে চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামিই নিজেদের এবং অন্য সহযোগীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন দুপুরে টিটু ও তাঁর দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন। লুট করা মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পর টিটু তাঁর ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ এবং ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে গচ্ছিত রাখেন। নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন এবং দিলীপ তা গলিয়ে বিভিন্ন গহনা তৈরি করে বিক্রি করেন বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতার এবং চুরি যাওয়া স্বর্ণ ও টাকার অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই। ছবি সংগৃহীত।
