মোঃ মাসুদ রানা,কালীগঞ্জ, ঝিনাইদহ:
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
দলীয় অবহেলা ও সরকারি উদ্যোক্তা ঋণের চূড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক ছাত্রদল নেতা। পদত্যাগের ঘোষণা দেওয়া শামীম হোসেন উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন শামীম। এর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেয় এবং আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। পাখি, কবুতর ও গরুর খামারি হিসেবে পরিচিত শামীম ওই ঋণের জন্য আবেদন করেন। কালীগঞ্জ উপজেলা থেকে পাঁচ শতাধিক আবেদনকারীর মধ্যে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ৫০ জনের তালিকায় স্থান পেয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষাও দেন। কিন্তু গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক কালীগঞ্জ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জন উদ্যোক্তার তালিকা প্রকাশ করলে সেখানে নিজের নাম না দেখে চরম হতাশ ও ক্ষুব্ধ হন তিনি।
ভিডিও বার্তায় শামীম আক্ষেপ করে বলেন, প্রাথমিক বাছাইয়ের ৫০ জনের মধ্যে ছাত্রদলের পদধারী নেতা ছিলেন মাত্র দুজন—তিনি নিজে এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ। ভালো ভাইভা দেওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় তাঁদের রাখা হয়নি।
বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগের চিত্র তুলে ধরে তিনি জানান, সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে রাজপথে সক্রিয় থাকতে গিয়ে তাঁকে চারটি মামলার আসামি হতে হয়েছে, পরীক্ষার হল থেকে গ্রেপ্তার হয়ে ৮৭ দিন কারাবাস করতে হয়েছে এবং শিক্ষাজীবনের দুটি বছর নষ্ট হয়েছে। অথচ আজ দল ক্ষমতায় থাকার পরও এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ত্যাগী কর্মীদের বাদ দিয়ে আওয়ামী পরিবার ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ঋণের জন্য মনোনীত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে শামীম বলেন, তৃণমূল পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি; কারণ তাঁর মতে ‘দালালদের’ হাতে দায়িত্ব পড়ায় প্রকৃত কর্মীরা বঞ্চিত হচ্ছেন। ছাত্রদলের অন্যান্য কর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, এই রাজনীতিতে কেবল মামলা-হামলা আর জেল খাটাই সার; তাই সময় থাকতে দল ছেড়ে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়া উচিত।
নিজের খামার সম্প্রসারণের আশায় ঋণটির জন্য আবেদন করেছিলেন জানিয়ে ভিডিওর শেষাংশে শামীম দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে ছাত্রদলের কোনো কর্মসূচিতে না থাকার কথা স্পষ্ট করেন। কারও প্ররোচনায় নয়, বরং দল ক্ষমতায় আসার পর চরম অবহেলার শিকার হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।
এ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, শামীমের ভিডিও বার্তাটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। ব্যস্ততার কারণে এখনো তাঁর সঙ্গে কথা বলা যায়নি, তবে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ছবি সংগৃহীত।
