স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব ‘এফসি ইমাবারি’-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারের পাশাপাশি খেলোয়াড় ও কোচিং উন্নয়নের একটি টেকসই ধারা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যৌথ এ কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও সংশ্লিষ্ট স্থানীয় অবকাঠামো ঘুরে দেখেছেন ইমাবারির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।
পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধি জানান, আজকের জরিপ ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী ধাপে আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষভাগে এই সমঝোতা চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, ত্রিপাক্ষিক এ সমঝোতা কার্যকর হলে জাপানি ক্লাবটির কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তায় আধুনিক কোচিং পদ্ধতি চালু, প্রতিভাবান ফুটবলার বাছাই ও গড়ে তোলা এবং খেলোয়াড় বিনিময় (প্লেয়ার এক্সচেঞ্জ) কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, জাপানের পেশাদার লিগের একটি ক্লাবের সঙ্গে এমন সমন্বিত সহযোগিতা দেশের ফুটবল কাঠামো শক্তিশালী করা ও সামগ্রিক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (অ্যাডমিন) শামসুল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি। ছবি সংগৃহীত।
