ইমাম হোসেন সাগর, চৌগাছা (যশোর)
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
চলতি শীত মৌসুমকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় খেজুর গাছ তোলা বা ছাঁটা ও গুড় তৈরির কাজ শুরু হয়েছে। খেজুর গুড়ের রাজধানী হিসেবে পরিচিত যশোরের এই উপজেলায় গাছিরা এখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে ২২৫ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় ৯ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চৌগাছায় পূর্ণবয়স্ক খেজুর গাছ রয়েছে ৩১ হাজার ১৭০টি। এ ছাড়া ৫ থেকে ১০ বছর বয়সী গাছ ৯ হাজার ৩২০টি এবং ৫ বছরের কম বয়সী গাছ রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৯০টি। এর মধ্যে চলতি মৌসুমে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা ২৭ হাজার ৫৪০টি।
বিজ্ঞাপন
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় গুড় উৎপাদনে যুক্ত কৃষক বা গাছির সংখ্যা ২ হাজার ৩৬০ জন। গড়ে প্রতি গাছ থেকে এক মৌসুমে ৮০ লিটার রস এবং ৮ কেজি গুড় পাওয়া যায়। খেজুর গাছের আওতায় গড়ে প্রায় ২৫ হেক্টর জমি রয়েছে; যেখানে প্রতি হেক্টরে ৮৮ হাজার ১২৮ লিটার রস ও ৮ হাজার ৮১৫ কেজি গুড় উৎপাদনের হিসাব করা হয়েছে। সে হিসাবে মোট ২২৫ মেট্রিক টন গুড় প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হলে এর বাজারমূল্য দাঁড়ায় ৯ কোটি টাকা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছ তোলা ও রস জ্বাল দিয়ে গুড়-পাটালি তৈরির কর্মযজ্ঞ চলছে। দেবলা গ্রামের প্রবীণ গাছি আব্দুর রাজ্জাক (৭০) জানান, প্রায় ৫০ বছর ধরে তিনি এ পেশার সঙ্গে যুক্ত আছেন এবং এ মৌসুমে তিন পোন বা ১৬০টি গাছ কেটেছেন। এবার ৩৫ থেকে ৪০ মণ গুড় ও পাটালি তৈরির আশা করছেন তিনি।
তবে পেশার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাঘারদাঁড়ির গাছি লিয়াকত আলী, আন্দারকোটার মিঠু, আলী আরজান ও আলম, উজিরপুরের মিন্টু মোল্লা ও বাবু এবং হায়াতপুরের জয়নাল। তাঁদের ভাষ্য, পরিশ্রমসাধ্য এ পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে এবং নতুন প্রজন্মের তরুণেরা এতে আগ্রহ দেখাচ্ছে না। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গাছ কাটা ও রস সংগ্রহ করা গেলে কাজটি সহজ ও লাভজনক হতো বলে মনে করেন তাঁরা।
গাছিরা আরও জানান, কয়েক বছর ধরে উপজেলায় গুড়ের মেলা অনুষ্ঠিত হলেও এবং সেখানে কিছু গুড় বিক্রি ও গাছিদের সম্মাননা দেওয়া হলেও তাঁদের সার্বিক জীবনমানের তেমন পরিবর্তন আসেনি; এমনকি অসুস্থ হয়ে পড়লে খোঁজখবর নেওয়ার কেউ থাকে না।
স্বরূপদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর জানান, কয়েকজন গাছিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, খড়িঞ্চা নওদাপাড়ার প্রবীণ গাছি আব্দুল লতিফ প্রতিবছর ১০০টির বেশি গাছ কাটতেন, কিন্তু গাছ কাটতে গিয়ে কোমরে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ায় এখন তিনি দানবাক্সের বাজারে সবজি বিক্রি করছেন। খেজুর গাছ বাঁচাতে গাছিদের নিয়মিত সহায়তা ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
যশোরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য খেজুর গুড় টিকিয়ে রাখতে ২০২০ সাল থেকে খেজুর গাছ লাগানো ও গাছিদের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘এসটিই ইনিশিয়েটিভ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে উঠান বৈঠক ও গাছিদের নিয়ে গবেষণা পরিচালনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর গাছ সংরক্ষণ, রস আহরণ ও গাছিদের উন্নয়ন নিয়ে যে ধারণা ও তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন, তার পর থেকেই উপজেলা প্রশাসন এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে সরকারি উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনটির সভাপতি আবু বকর জানান, ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই খেজুর গাছ নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি; শুরুর দিকে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেয়নি বা হাস্যকর মনে করেছে। তাঁর মতে, খেজুর গাছ রোপণের পাশাপাশি গাছিদের অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা জরুরি। পাশাপাশি যশোরে বাংলাদেশ গুড় উন্নয়ন বোর্ড গঠন করে সমন্বিত পরিকল্পনা নেওয়া হলে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, খেজুর গাছ সংরক্ষণ ও গাছিদের কল্যাণে কৃষি বিভাগ কাজ করছে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। খেজুর গুড় সংরক্ষণ, গাছিদের সহায়তা ও বাজারজাতকরণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। তিনি জানান, রস ও গুড়ের ওপর নির্ভরশীল প্রায় ৩০০ জন গাছির তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, যাঁদের বিশেষ সরকারি প্রণোদনা দেওয়া হবে। ছবি সংগৃহীত।

