স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
যশোর-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামের এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
তাঁর ভাই মঈন হোসেন জানান, আজ রোববার ভোর ৬টার দিকে আসমাকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন আসমা।
স্থানীয় ও স্বজনদের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাঁকে ভর্তি করলেও ভর্তির কিছু সময় পরই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
আসমা খাতুনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, নার্সিং সংশ্লিষ্ট মহল এবং পরিবারের সদস্যদের মাঝে গভীর শোক নেমে আসে। প্রিয় সহপাঠীকে শেষবার দেখতে হাসপাতাল মর্গে ভিড় জমান অনেক শিক্ষার্থী ও স্বজন। ছবি সংগৃহীত।
