স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সুসংগঠিত অনুষ্ঠানে ৩৮ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনের প্রথম সবক তুলে দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার বিজ্ঞ অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন এবং ড. মাহবুবুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ।
প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিশুদের কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই। পবিত্র কুরআনের আদর্শ শিশুদের চরিত্র, সুশিক্ষা ও উন্নত মননশীলতা বিকাশে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।” তাঁরা শিশুদের কেবল কুরআন পাঠেই সীমাবদ্ধ না রেখে এর মহান শিক্ষা দৈনন্দিন জীবনে প্রতিফলনের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানের এই দ্বীনি উদ্যোগের ফলে তাঁদের সন্তানেরা সাধারণ শিক্ষার সাথে সাথে সুন্নাহ ও ইসলামিক মূল্যবোধ অর্জন করছে এবং প্রতিনিয়ত নিয়মিত সালাত আদায় ও সৎ চরিত্রে অভ্যস্ত হয়ে উঠছে।
আলোচনা পর্ব শেষে ৩৮ জন নির্বাচিত শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক তুলে দেন অতিথিবৃন্দ। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও দ্বীনি শিক্ষার পথ সুগম করার কামনায় এক বিশেষ মুনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

