বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ পর্যায়ে বিচারপ্রক্রিয়া সহজলভ্য করার লক্ষ্যে “গ্রাম আদালত” বিষয়ক এক আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার লালুয়া ইউনিয়নের স্বনামধন্য জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গ্রাম আদালতের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী রাশেদ খান উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিতর্ক প্রতিযোগিতায় “গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম” শীর্ষক প্রস্তাবিত বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে নিজেদের যুক্তি উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশগ্রহণকারী দলের সদস্যরা ছিলেন মোসা. তানজিলা আক্তার, মোসা. ইসরাত জাহান এবং দলনেতা বায়জীদ। অন্যদিকে, বিপক্ষে দলের হয়ে অংশ নেয় মো. ইবনে সাবিত, মোসা. নাহিদা আক্তার এবং দলনেতা মোসা. আফরোজা আক্তার। চমৎকার তর্কে ভরপুর এই প্রতিযোগিতায় যুক্তি ও উপস্থাপনার বিচারে পক্ষে দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া অসাধারণ বক্তৃতার সুবাদে পক্ষে দলের দলনেতা বায়জীদ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
বিতর্ক অনুষ্ঠান শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা গ্রামীণ সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় গ্রাম আদালতের মূল স্লোগান— “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে”—পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ছবি প্রতিবেদক।
